আগামী জুনের দ্বিতীয় সপ্তাহে চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরটি দুই দিনের বেশি হতে পারে বলে সরকারের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানিয়েছেন।
সূত্র মতে, আগামী ১২ বা ১৩ জুন প্রধানমন্ত্রী চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করতে পারেন। প্রাথমিক আলোচনা অনুযায়ী, বেইজিং পৌঁছানোর একই দিনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী।
এর আগে গত সপ্তাহে প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী অবশ্যই চীন সফরে যাবেন। তারা (চীন) খুবই গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তিনি সুবিধাজনক সময়ে চীন সফর করবেন।
গত ৮ মে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে চীন।
ঢাকা ও বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গত ৬ মে বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দুই দেশের বিদ্যমান সম্পর্ক এগিয়ে নিতে রাজনৈতিক স্তরে যোগাযোগ নিবিড় করার বিষয়টি গুরুত্ব পায়। ওই বৈঠকে বিশেষভাবে আলোচিত হয় প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফর।
