প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর নির্দেশ

মিড-ডে মিলে অনিয়ম ঠেকাতে মায়েদের নিয়ে গার্ডিয়ান কমিটি

আপডেট : ১৮ মে ২০২৬, ০৫:০৪ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ প্রেক্ষাপটে বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা ও সেবার মান তদারকিতে মায়েদের সম্পৃক্ত করে পাঁচ সদস্যবিশিষ্ট “গার্ডিয়ান কমিটি” গঠনের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (১৮ মে) মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক জরুরি সভায় তিনি এ নির্দেশনা দেন। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়মের সংবাদ প্রকাশের পর উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মিড-ডে মিল কার্যক্রম বাস্তবায়নে কঠোর নির্দেশনা দিয়েছেন। এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা মানহীনতা কোনোভাবেই সহ্য করা হবে না। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করাকে সরকারের অগ্রাধিকারমূলক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

সভায় প্রতিমন্ত্রী পাঁচ দফা নির্দেশনা প্রদান করেন। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, অনুমোদিত নমুনা অনুযায়ী নির্ধারিত প্যাকেজিং কঠোরভাবে অনুসরণ করা, পূর্বানুমোদন ছাড়া কোনো পরিবর্তন না করা, সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরবরাহকারী চালক ও জাতীয় পরিচয়পত্রধারী ব্যক্তিকে একই ব্যক্তি হওয়া নিশ্চিত করা। পাশাপাশি সরবরাহের সময় বাধ্যতামূলকভাবে পরিচয় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়।

তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই সাব-কন্ট্রাক্ট বা উপ-ঠিকাদারি দেওয়া যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে স্বাক্ষরিত অঙ্গীকারনামা জমা দিতে হবে। এছাড়া মিড-ডে মিল কার্যক্রমের মান ও গুণগতমান নিশ্চিত করতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (ATEO) এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (DPEO) প্রতি মাসে দুইবার আকস্মিকভাবে কারখানা পরিদর্শন করবেন।

বিদ্যালয় পর্যায়ে গঠিত গার্ডিয়ান কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির একজন সদস্য এবং তিনজন অভিভাবক মা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন বলে জানানো হয়।

সভায় প্রতিমন্ত্রী মিড-ডে মিল কার্যক্রমে সংঘটিত বিভিন্ন অনিয়ম, গাফিলতি ও অনৈতিক কার্যক্রম তদন্তে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য পরিচালিত এ গুরুত্বপূর্ণ কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না। তদন্ত কমিটিকে দ্রুত অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, মিড-ডে মিল প্রকল্পের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত