দেশের ৫টি অঞ্চলে আজ দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে তীব্র ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
আজ মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী- ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে আকাশ মেঘলাসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝড়ো আবহাওয়ার কারণে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
