৮২ বছর বয়সে গ্র্যাজুয়েশন ডিগ্রি নিলেন টেনিস কিংবদন্তি

আপডেট : ১৯ মে ২০২৬, ০১:৫১ পিএম

পড়াশোনা বা শেখার কোনো বয়স নেই—এই চিরন্তন সত্যটিই যেন আরও একবার প্রমাণ করলেন বিশ্ব টেনিস ও লড়াকু নারী অধিকারের কিংবদন্তি আইকন বিলি জিন কিং। প্রথমবার ক্লাসে বসার দীর্ঘ ৬৫ বছর পর অবশেষে নিজের গ্র্যাজুয়েশন ডিগ্রি হাতে তুলে নিলেন ৮২ বছর বয়সী এই তারকা।

সোমবার লস অ্যাঞ্জেলেসের শ্রাইন অডিটোরিয়ামে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির সমাবর্তনে ২০২৬ ব্যাচের আরও প্রায় ৬,০০০ শিক্ষার্থীর সাথে গ্র্যাজুয়েশন গাউন ও ক্যাপ পরে মঞ্চে হাঁটেন তিনি। ইতিহাস বিভাগে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন করার পর একগাল হেসে বিলি জিন কিং বলেন-

"আপনার বয়স কত, কিংবা আপনার সামর্থ্য কেমন—তা কোনো বিষয় নয়। কোনো কিছু শেখার বা করার জন্য কখনোই খুব বেশি দেরি হয়ে যায় না। যদি আপনি কিছু মন থেকে চান, তবে তার পেছনে ছুটুন।"

সমাবর্তন মঞ্চে ৮২ বছর বয়সী এই কিংবদন্তির পরনে ছিল কালো গাউন, চোখে চশমা এবং পায়ে রয়্যাল ব্লু স্নিকার্স। তবে সবচেয়ে আকর্ষণীয় ছিল তার এক বন্ধুর উপহার দেওয়া গোল্ডেন রঙের বিশেষ সমাবর্তন ওড়না । যার একপাশে লেখা ছিল ‘G.O.A.T.’ (সর্বকালের সেরা) এবং অন্যপাশে এমব্রয়ডারি করে আঁকা ছিল একটি রঙিন টেনিস র‍্যাকেট।

ডিগ্রি পাওয়ার পর উচ্ছ্বসিত বিলি জিন কিং বলেন, "এটি আমার কাছে যা ভেবেছিলাম, তার চেয়েও অনেক বেশি অর্থবহ। আমি অত্যন্ত আনন্দিত যে কাজটা শেষ করতে পেরেছি। আমার আশা, আমাকে দেখে অন্তত আরও একজন মানুষ হলেও আবার পড়াশোনায় ফিরে আসবে।"

 

বিলি জিন কিং ১৯৬১ সালে এই ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি হয়েছিলেন। কাকতালীয়ভাবে, সেই একই বছর তিনি উইম্বলডনে নিজের রেকর্ড ২০টি শিরোপার প্রথমটি (নারী দ্বৈত) জিতেছিলেন। সমাবর্তন বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সেই সময়ের বৈষম্যের কথা তুলে ধরে তিনি বলেন:

"তখনকার দিনগুলো অন্যরকম ছিল। আজকে একটা উইম্বলডন ডাবলস শিরোপা জিতলে প্রায় ৫ লাখ ডলার পাওয়া যায়। আর ১৯৬১ সালে আমরা পেয়েছিলাম একটি স্থানীয় দোকানের মাত্র ৪৫ ডলারের গিফট ভাউচার! সে সময় মেয়েদের জন্য কোনো স্পোর্টস স্কলারশিপ বা আর্থিক সহায়তার ব্যবস্থা ছিল না। অথচ আমার বন্ধু আর্থার অ্যাশ বা স্ট্যান স্মিথরা ছেলেদের দলে খেলার কারণে ইউসিএলএ এবং ইউএসসিতে স্কলারশিপ পাচ্ছিল।"

বিশ্বের ১ নম্বর তারকা হওয়ার তীব্র ক্ষুধা এবং পরবর্তীতে ১৯৭৩ সালে পুরুষ টেনিস তারকা ববি রিগসের বিপক্ষে ঐতিহাসিক "ব্যাটল অব দ্য সেক্সেস" ম্যাচ জয়ের লক্ষ্যে একপর্যায়ে বিশ্ববিদ্যালয় ছেড়েছিলেন তিনি। টেনিস ক্যারিয়ারে ৩৯টি মেজর চ্যাম্পিয়নশিপ জয়ের পাশাপাশি নারীদের পেশাদার টেনিস ট্যুর  প্রতিষ্ঠা এবং সমান প্রাইজমানির লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি।

খেলাধুলা এবং সমাজসেবায় অনন্য সব কীর্তি অর্জন করলেও, পড়াশোনা শেষ না করতে পারার একটা খচখচানি সবসময় তার মনে রয়ে গিয়েছিল। তিনি জানান, যখনই কেউ তার জীবনী লিখতে গিয়ে লিখত যে তিনি গ্র্যাজুয়েশন শেষ করেছেন, তিনি সাথে সাথে তা সংশোধন করে দিতেন।

বিলি জিন কিং হাসতে হাসতে বলেন, "আমি তাদের বলতাম, ভুলেও কখনো লিখবেন না আমি গ্র্যাজুয়েট হয়েছি। কারণ আমি এখনও ডিগ্রিটা অর্জন করতে পারিনি। আজ এখানে আসার সময় ভাবছিলাম, অবশেষে এখন মানুষ অফিসিয়ালি বলতে পারবে যে আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি!"

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত