যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলমান কর নিরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। এ সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।
মঙ্গলবার (১৯ মে) প্রকাশিত বিচার বিভাগের এক নির্দেশনায় বলা হয়, ট্রাম্প, তার পরিবারের সদস্য এবং তাদের ব্যবসার বিরুদ্ধে কর সংক্রান্ত কোনো দাবি বা তদন্ত আর চালানো যাবে না। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লানচ স্বাক্ষরিত নথিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
ডেমোক্র্যাট সিনেটর অ্যাডাম শিফ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, 'কর ফাঁকি দেওয়া প্রেসিডেন্ট নিজে ও তার পরিবারের জন্য কর ছাড় নিশ্চিত করেছেন।'
সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এর সময়কার হোয়াইট হাউসের নৈতিকতা বিষয়ক আইনজীবী রিচার্ড পেইন্টার বলেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিপন্থী হতে পারে।
আল জাজিরাকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, প্রেসিডেন্ট বা তার পরিবারের কর বকেয়া থাকলে এ ধরনের অব্যাহতি সংবিধানের ‘ডোমেস্টিক ইমোলুমেন্টস ক্লজ’-এর লঙ্ঘন হতে পারে।
এদিকে বিচার বিভাগের এই সিদ্ধান্ত এসেছে ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন ফান্ড’ নামে বিতর্কিত একটি তহবিল গঠনের পর। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আইনি হয়রানির শিকারদের সহায়তার কথা বলা হলেও সমালোচকরা এটিকে ট্রাম্পের ঘনিষ্ঠদের সুবিধা দেওয়ার তহবিল হিসেবে আখ্যা দিয়েছেন। প্রায় ১৭৭ কোটি ৬০ লাখ ডলারের এই তহবিল পরিচালনা করবে পাঁচ সদস্যের একটি কমিশন, যার চার সদস্য নিয়োগ দেবেন ব্ল্যাঞ্চ। সিনেট শুনানিতে তিনি দাবি করেন, তহবিলটি কোনো দলীয় উদ্দেশ্যে ব্যবহার করা হবে না।
