উত্তপ্ত রাজনৈতিক ও বিনোদন অঙ্গন

সায়নীর মাথার মূল্য ১ কোটি রুপি ঘোষণা

আপডেট : ২০ মে ২০২৬, ০৩:২৭ পিএম

ভারতের তৃণমূল কংগ্রেসের লোকসভার সংসদ সদস্য ও টলিউড অভিনেত্রী সায়নী ঘোষকে হত্যার হুমকি দিয়েছেন উত্তরপ্রদেশের সিকান্দারবাদের পৌরসভার প্রধান বিজেপি নেতা ডক্টর প্রদীপ দীক্ষিত। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে ডক্টর প্রদীপ দীক্ষিত বলেন, ‘যে ব্যক্তি সায়নী ঘোষের মাথা কেটে এনে দিতে পারবে, তাকে ১ কোটি রুপি পুরস্কার দেওয়া হবে।’ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। 

হত্যার হুমকির খবর সায়নী ঘোষের কাছেও পৌঁছেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন সায়নী ঘোষ।  সায়নী ঘোষ বলেন, ‘আমি স্তম্ভিত! উত্তরপ্রদেশের সিকান্দারবাদের পৌরসভার প্রধান এবং বিজেপি নেতা প্রকাশ্যে মাথা কেটে আনার জন্য ১ কোটি রুপি পুরস্কার ঘোষণা করছেন। এই হুমকি সমাজমাধ্যম এবং মূলধারার সংবাদমাধ্যমে ঘুরছে।’ 

প্রশ্ন ছুড়ে দিয়ে সায়নী ঘোষ বলেন, বিজেপি শাসিত রাজ্যে একজন বিজেপি জনপ্রতিনিধি কর্তৃক একজন নারী এবং বর্তমান সংসদ সদস্যের মাথা কাটার জন্য পুরস্কার ঘোষণা করা কি আপনাদের ‘নিউ ভারত’-এর ‘নারী শক্তি বন্দন’ প্রকল্পের আসল রূপ? নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের কাছে ওই বিজেপি নেতার বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবিও জানান সায়নী। 

২০১৫ সালে সায়নী ঘোষের এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে শিবলিঙ্গ নিয়ে আপত্তিকর একটি ছবি পোস্ট করা হয়েছিল, যা নিয়ে তথাগত রায়সহ একাধিক বিজেপি নেতা মামলা দায়ের করেছিলেন। যদিও সায়নী আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, ২০১৫ সালে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং হ্যাকাররাই সেই ছবি পোস্ট করেছিল, অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পরই মুছে দেন। কিন্তু সম্প্রতি উত্তরপ্রদেশের সিকান্দারবাদের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর একটি প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে বিজেপি নেতা প্রদীপ দীক্ষিত সায়নীর সেই পুরোনো পোস্টের প্রসঙ্গ তুলে ‘মাথা কাটার’-এর মতো বিতর্কিত ঘোষণা দেন। 

 বিতর্কের মাত্রা ছাড়ানোর পর সুর বদলেছেন অভিযুক্ত বিজেপি নেতা প্রদীপ দীক্ষিত। তার দাবি, ভাইরাল হওয়া ভিডিওটি ভুয়া এবং তার ভাবমূর্তি নষ্ট করতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তার কণ্ঠস্বর ও ভিডিওতে কারসাজি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত