তুরস্কের ইস্তাম্বুলে বুধবার রাতে জার্মানির ক্লাব ফ্রাইবুর্গকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হয়েছে অ্যাস্টন ভিলা। দীর্ঘ ৪৩ বছর পর ইউরোপের মঞ্চে কোনো বড় শিরোপা জিতল ইংলিশ ক্লাবটি। আর ভিলার এই ঐতিহাসিক জয়ে অন্যতম নায়ক আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো 'দিবু' মার্তিনেজ। তবে ম্যাচ শেষে জানা গেছে বিস্ময়কর এক তথ্য—বিশ্বকাপ শুরুর মাত্র ২২ দিন আগে ভাঙা আঙুল নিয়ে পুরো ম্যাচ খেলেছেন এই তারকা!
ইএসপিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্তিনেজ প্রকাশ করেন, "আজ ওয়ার্ম-আপের সময় আমার একটা আঙুল ভেঙে গিয়েছিল। তবে আমি বিশ্বাস করি, প্রতিটি খারাপ কিছু ভালো কিছুর বার্তা নিয়ে আসে। আমি সারাজীবন এভাবেই খেলে এসেছি এবং ভবিষ্যতেও খেলব।"
চোট কতটা গুরুতর—জানতে চাওয়া হলে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক বলেন, "এর আগে কখনো আমার আঙুল ভাঙেনি। ম্যাচ চলাকালীন প্রতিবার যখন আমি বল ধরছিলাম, আঙুলটি অন্য দিকে বেঁকে যাচ্ছিল। কিন্তু ট্রফি জিততে হলে আপনাকে এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যেতেই হবে। আমি অ্যাস্টন ভিলার জার্সিতে অবদান রাখতে পেরে গর্বিত।"
কোচ উনাই এমেরির প্রশংসা করে তিনি বলেন, "উনাই এমেরিকে আমি খুব ভালোবাসি। সে আমার মতোই একজন খাঁটি উইনার। ম্যাচ জেতার জন্য সে সবসময় ক্ষুধার্ত থাকে।" এই জয়ে উনাই এমেরি কোচ হিসেবে তার পঞ্চম ইউরোপা লিগ শিরোপা জয়ের রেকর্ড গড়লেন।
ম্যাচ শেষে অ্যাস্টন ভিলার প্রথম শিরোপা জয়ের আনন্দে কান্নায় ভেঙে পড়েন মার্তিনেজ। এরপর সতীর্থ এমিলিয়ানো বুয়েন্দিয়াকে কাঁধে তুলে নিয়ে সমর্থকদের সাথে উল্লাস করেন তিনি। গ্যালারিতে মার্তিনেজের পরিবারের সাথে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার ক্লাব সার্মিয়েন্তো দে জুনিনের বর্তমান কোচ এবং বোকা জুনিয়র্সের সাবেক ফরোয়ার্ড ফাকুন্দো সাভা। সাভার আকস্মিক উপস্থিতি সবাইকে চমকে দেয়।
শিরোপা নিয়ে অফিশিয়াল ফটোশুটের সময় মার্তিনেজ ট্রফির ওপর মাথা রেখে 'ঘুমিয়ে থাকার' একটি বিশেষ ভঙ্গি করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। এটি ভিলার ১৯৮৩ সালের ইউরোপীয় সুপার কাপের পর প্রথম কোনো বড় অফিশিয়াল শিরোপা।
অ্যাস্টন ভিলার হয়ে শিরোপা উদযাপনের পর মার্তিনেজ জানান, এখন তিনি কিছুদিন পরিবারের সাথে সময় কাটাবেন এবং এরপরই তার পুরো মনোযোগ থাকবে ২০২৬ বিশ্বকাপে। তবে ম্যাচ খেলে ফেললেও, আঙুল ভাঙার এই খবরটি বিশ্বকাপের ২২ দিন আগে আর্জেন্টিনা শিবিরে কিছুটা অস্বস্তি তৈরি করেছে। কোচ লিওনেল স্কালোনি যখন বিশ্বকাপের জন্য চূড়ান্ত ২৬ জনের স্কোয়াড ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছেন, তখন প্রধান গোলরক্ষকের এই চোটের ওপর কড়া নজর রাখবে আলবিসেলেস্তেদের মেডিকেল টিম।
মারাকানায় মেসির সাথে সেই বিখ্যাত আড্ডা নিয়ে মুখ খুললেন নেইমার