বিশ্বকাপ জয়ের সাড়ে তিন বছর পর ফাঁস মেসির গোপন কীর্তি

আপডেট : ২১ মে ২০২৬, ০১:২২ পিএম

ফুটবল মাঠে লিওনেল মেসির জাদু যেমন কোটি কোটি ভক্তকে মুগ্ধ করে, মাঠের বাইরে তাঁর মানবিক রূপ যেন তার চেয়েও অনন্য। ২০২৬ বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসেরও কম সময় বাকি, ঠিক তখনই কাতার বিশ্বকাপ জয়ের সাড়ে তিন বছর পর আর্জেন্টাইন অধিনায়কের এক অবিশ্বাস্য এবং গোপন উদারতার গল্প সামনে এলো।

আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফিজিক্যাল ট্রেইনার জেরার্ডো সালোরিও ‘রেডিও লা রেড’-এর এক অনুষ্ঠানে প্রকাশ করেছেন যে, কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ফিফা এবং কনমেবল থেকে পাওয়া প্রাইজমানির একটি বড় অংশ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ স্টাফদের মাঝে সমানভাবে বণ্টন করে দিয়েছিলেন মেসি।

সালোরিও জানান, "লিও সেই বোনাসের অর্থ ইজেইজায় অবস্থিত এএফএ-র ট্রেনিং সেন্টারের সবার মাঝে সমানভাবে ভাগ করে দেন। যিনি রান্না করতেন কিংবা যিনি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন—সবাই একদম সমান ভাগ পেয়েছেন। লিও যা করেছেন, তা কল্পনাকেও হার মানায়।"

এই অর্থ সাধারণ কর্মচারীদের জন্য কতটা বড় সাহায্য ছিল, তার বিবরণ দিয়ে সাবেক এই ট্রেইনার বলেন, "মেসির দেওয়া সেই আর্থিক সহায়তার পরিমাণ এতটাই বেশি ছিল যে, তা দিয়ে একেকজন কর্মচারী প্রায় একটি আস্ত ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কিনে ফেলতে পারতেন।"

উল্লেখ্য, ২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতার পর ফিফার পক্ষ থেকে ৪২ মিলিয়ন ইউরো এবং কনমেবল থেকে আরও ১০ মিলিয়ন ডলার বোনাস পেয়েছিল আলবিসেলেস্তেরা। সালোরিও আরও যোগ করেন, মেসি বা দলের খেলোয়াড়দের এমন মহৎ উদ্যোগ এটাই প্রথম নয়। এর আগেও তাঁরা পর্দার পেছনের মানুষদের জন্য অনেক কিছু করেছেন, যা কখনো সংবাদমাধ্যমে প্রকাশ পায়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত