রাজধানীর রামপুরায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আরেক শিক্ষার্থী মো. শিহাব হোসেনকে (১৯) গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ। বুধবার (২০ মে) রাতে পাবনার বেড়া থানার খাকছাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন বলেন, মঙ্গলবার (১৯ মে) রাতে রামপুরার বনশ্রী সি-ব্লকস্থ আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ভেতরে শিক্ষার্থী মো. আব্দুল্লাহ গলায় গামছা প্যাঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে রামপুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
শিশু আব্দুল্লাহকে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার মা টুকু আরা খাতুন বুধবার রামপুরা থানায় শিহাব ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন।
উপ-কমিশনার হারুন অর রশিদ বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের সময় পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের লক্ষণ দেখা যায়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, শিহাব হোসেনের বিরুদ্ধে ইতোপূর্বে মাদ্রাসার চার ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। এ কারণে মাদ্রাসার তরফে তার বিরুদ্ধে মামলা করা হয়।
তিনি বলেন, শিশুটি ফাঁস নেওয়ার আগেই অভিযুক্ত শিহাব মাদ্রাসা থেকে বের হয়ে গ্রামের বাড়ি চলে যান। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
