ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে অতিরিক্ত ৫ হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাত্র এক সপ্তাহ আগে দেশটিতে ৪ হাজার সেনা মোতায়েনের পূর্বঘোষিত পরিকল্পনা বাতিল করেছিল পেন্টাগন। আর তারপরই বৃহস্পতিবারের (২১ মে) এই ঘোষণা নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে।
এ অবস্থায় ট্রাম্পের নতুন ঘোষণা ইউরোপীয় মিত্রদের মধ্যে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। কারণ, ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, ন্যাটো সদস্য দেশগুলো নিজেদের প্রতিরক্ষার দায়িত্ব যথেষ্ট নিচ্ছে না এবং ইরান যুদ্ধেও পর্যাপ্ত সহায়তা দিচ্ছে না।
নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নাভরোৎস্কিকে সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে নাভরোৎস্কিকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন ট্রাম্প।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প ও পেন্টাগন বলেছিল, তারা অন্তত পাঁচ হাজার সেনা জার্মানি থেকে সরিয়ে নিচ্ছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হয়েছে এমন মন্তব্য এবং যুদ্ধ কৌশলের সমালোচনা করার পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।
এরপর চলতি মাসের শুরুতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ‘পাঁচ হাজারের চেয়েও অনেক বেশি’ সেনা কমাবে।
গত সপ্তাহ পর্যন্ত জানা যায়, মার্কিন সেনাবাহিনীর ২য় আর্মর্ড ব্রিগেড কমব্যাট টিমের প্রায় চার হাজার সদস্যের পোল্যান্ডে যাওয়ার পরিকল্পনা বাতিল করা হয়েছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইউরোপে সেনা সংখ্যা কমানোর ট্রাম্পের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরিচালনায় প্রশিক্ষিত সেনাদের জার্মানিতে পাঠানোর পরিকল্পনাও স্থগিত করা হয়েছে।
