রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার আট বছরের শিশু রামিসা আক্তারের কবর জিয়ারত করেছেন দুই সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা।
শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মধ্যম শিয়ালদি গ্রামের মোল্লাবাড়ি কবরস্থানে গিয়ে তারা কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।
জিয়ারতে অংশ নেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহিমা নাসরিন মুন্নি, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু ও বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ভুক্তভোগী পরিবারের দায়িত্ব নিয়েছেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি এ ঘটনা নিয়ে কোনো ধরনের রাজনৈতিক অপব্যবহার না করার আহ্বান জানান।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহিমা নাসরিন মুন্নি বলেন, দেশে শিশু নির্যাতনকারীদের কোনো স্থান নেই। এ ধরনের অপরাধে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু বলেন, শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে দ্রুততম সময়ে সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি।
বিএনপি নেতা মীর সরফত আলী সপু বলেন, সরকার এ বিষয়ে আন্তরিক থাকলেও কেউ যেন ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
জিয়ারত শেষে তারা নিহত শিশুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোশারফ হোসেন পুস্তি, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা ছাত্রদলের সভাপতি জামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
