নারায়ণগঞ্জে এক হাটের গরু অন্য হাটে নামানোর অভিযোগ

আপডেট : ২৪ মে ২০২৬, ১২:৩১ এএম

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি অস্থায়ী কোরবানির পশুর হাটের উদ্দেশ্যে আসা ৩৬টি গরু জোরপূর্বক বন্দরের একটি হাটে নামানোর অভিযোগ উঠেছে। শনিবার (২৩ মে) দুপুরে শীতলক্ষ্যা নদীপথে আসার সময় বন্দরের ১ নম্বর খেয়াঘাটে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, মো. দয়াল নামের এক গরু ব্যবসায়ী সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে ৩৬টি গরু নিয়ে শীতলক্ষ্যা নদীপথে ট্রলারযোগে সিদ্ধিরগঞ্জের নাভানা হাটের উদ্দেশ্যে আসছিলেন। যাত্রাপথে গরুবোঝাই ট্রলারটি বন্দর উপজেলার ১ নম্বর খেয়াঘাট এলাকা অতিক্রম করার আগেই সংঘবদ্ধ একটি গ্রুপ ট্রলারে থাকা গরু ব্যবসায়ীসহ অন্যদের বেধড়ক মারধর করে জোরপূর্বক গরুগুলো খেয়াঘাটের হাটে নামিয়ে ফেলে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে ভুক্তভোগী গরু ব্যবসায়ী মো. দয়াল বলেন, ‘আমি ৩৬টি গরু নিয়ে সিদ্ধিরগঞ্জের নাভানা হাটের উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথেই কয়েকজন লোক জোরপূর্বক আমাদের ট্রলার থামিয়ে গরু তাদের হাটে নামিয়ে নেয়। আমাদের একটি গরুর পা-ও ভেঙে ফেলা হয়েছে। আমরা গরিব মানুষ, আমাদের রক্ষা করুন।’

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের ছেলে ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেন, ‘খবরটি শুনে আমি ঘটনাস্থলের দিকে যাচ্ছি। তবে গরু কারা আটকিয়েছে, এখনো নিশ্চিত হতে পারিনি। কেউ বিষয়টি স্পষ্টভাবে বলতে পারছে না। আমি যাচ্ছি, গরু কেউ আটকিয়ে রাখতে পারবে না।’

এ বিষয়ে বন্দর উপজেলার খেয়াঘাট গরুর হাটের ইজারাদার পাপ্পু আহমেদ বলেন, ‘কিছু ছেলেপেলে গরু নামিয়েছিল, পরে ছেড়ে দেওয়া হয়েছে। ব্যবসায়ী তার গরু নিয়ে চলে গেছেন।’ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘কাউকে মারধর করা হয়নি। এটি মিথ্যা অভিযোগ।’

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফউদ্দিন বলেন, ‘বিষয়টি আমি অবগত আছি। আমাদের থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং গরুগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। ব্যবসায়ীকে মারধরের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত