রাজধানীর আজিমপুর সরকারি কলোনীর পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জাহিন (১৫) নামে এক স্কুলছাত্র মারা গেছে। সে ছিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র।
সোমবার (২৫ মে) বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় জাহিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
জাহিনকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মাহির আহমেদ জানায়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র জাহিন। তার বাসা হাজারীবাগ। মাহির আগে একই স্কুলে পড়লেও এখন অন্য স্কুলে পড়ে। সে থাকে আজিমপুর সরকারি কোয়ার্টারে। হাজারীবাগের বাসা থেকে দুপুরে বন্ধু মাহিরের বাসায় বেড়াতে আসে জাহিন। এরপর দুই বন্ধু কোয়ার্টারের ভিতর ঘুরাঘুরি করছিল। তখন পুকুর দেখে সেখানে গোসল করতে চায় জাহিন। তবে সে সাঁতার জানে না, এজন্য বন্ধু মাহির তাকে পানিতে নামতে নিষেধ করে। তবুও সে কথা শুনেনি। জোর করেই পুকুরে নামার কিছুক্ষণ পর সে পানিতে তলিয়ে যায়।
তখন মাহিরের চিৎকারে কোয়ার্টারের নিরাপত্তাকর্মীরা ছুটে এসে পনির নিচ থেকে তাকে উপরে তুলে আনেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
জাহিনের বিস্তারিত ঠিকানা ও পরিচয় জানাতে পারেনি প্রত্যক্ষদর্শী মাহির।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য লালবাগ থানায় জানানো হয়েছে।