সূর্যবংশীর টার্গেট গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙচুর করা

আপডেট : ২৫ মে ২০২৬, ০৭:৩২ পিএম

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে তাণ্ডব চালানো ভারতের ১৫ বছর বয়সী ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশী এবার ক্রিকেট বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার মতো এক বড় ঘোষণা দিয়েছেন। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-টোয়েন্টিতে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করার প্রকাশ্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন এই তরুণ বাঁহাতি ওপেনার। এর মাধ্যমে তাঁর স্পষ্ট লক্ষ্য—টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে আইকনিক রেকর্ড, ক্রিস গেইলের অপরাজিত ১৭৫ রানের মাইলফলকটি ভেঙে চুরমার করা।

সাবেক ইংলিশ তারকা কেভিন পিটারসেনের জনপ্রিয় টক-শো ‘দ্য সুইচ’-এর সাম্প্রতিক এপিসোডে নিজের এই আকাশছোঁয়া স্বপ্নের কথা জানান সূর্যবংশী। পিটারসেন যখন তাঁকে মনে করিয়ে দেন যে, টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৭৫ রানের রেকর্ডটি 'ইউনিভার্স বস' ক্রিস গেইলের দখলে, তখন অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বৈভব নিজের লক্ষ্য পুনর্ব্যক্ত করে বলেন, 'আমি টি-টোয়েন্টিতে ২০০ রান করতে চাই। হ্যাঁ, আমি ক্রিস গেইলের রেকর্ড ভেঙে ডাবল সেঞ্চুরি করতে চাই। কোনো ম্যাচে যদি আমি পুরো ২০ ওভার খেলার সুযোগ পাই, তবে আমি নিশ্চিতভাবেই এই রেকর্ড ভেঙে দেব।'

২০১৩ সালের আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৭৫ রানের সেই টর্নেডো ইনিংস খেলেছিলেন ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল। এক দশকেরও বেশি সময় ধরে অক্ষত থাকা সেই রেকর্ডটিই এখন ভাঙার নিখুঁত নিশানা করেছেন এই ভারতীয় কিশোর।

ডাবল সেঞ্চুরির এই স্বপ্ন বৈভবের জন্য মোটেও অবাস্তব কিছু নয়। এর আগেও তিনি বড় সংস্করণের ক্রিকেটে এই মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছেছিলেন। বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে খেলেছিলেন ১৯০ রানের এক বিধ্বংসী ইনিংস। যুব বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষের বোলিং লাইনআপ গুঁড়িয়ে দিয়ে খেলেছিলেন ১৭৫ রানের বিস্ফোরক এক ইনিংস।

টি-টোয়েন্টি সংস্করণে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ এখন পর্যন্ত ১৪৪ রান। এছাড়া গত বছরের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের  বিপক্ষে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেন ৪২ বলে সেঞ্চুরির এক অবিশ্বাস্য ইনিংস, যা যুব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ম্যাচ শেষেও এই তরুণ আক্ষেপ করে বলেছিলেন, তাঁর লক্ষ্য ছিল পুরো ৫০ ওভার খেলে ২০০ রান ছোঁয়া।

চলমান আইপিএল ২০২৬-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন এই তরুণ। ইতিমধ্যেই চলতি আসরে ১৪ ম্যাচে ৪১.৬৪ গড় এবং ২৩২.২৭ এর দানবীয় স্ট্রাইক রেটে ৫৮৩ রান সংগ্রহ করে এক টুর্নামেন্টে কোনো কিশোর (টিনেজার) ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। ভেঙেছেন দেবদত্ত পাডিক্কালের (৫৮০ রান) রেকর্ড। শুধু তাই নয়, লখনউয়ের বিপক্ষে মাত্র ৩৮ বলে ৯৩ রানের ইনিংসে ১০টি ছক্কা মেরে এই আসরে ছক্কার হাফ-সেঞ্চুরি (মোট ৫৩টি ছক্কা) করা প্রথম ভারতীয় ব্যাটার হয়েছেন তিনি, যেখানে এক আসরে সর্বোচ্চ ৫৯টি ছক্কা মেরে সবার ওপরে আছেন কেবল ক্রিস গেইল।

আইপিএলের গণ্ডি পেরিয়ে আগামী জুলাইয়ে ভারতের ইংল্যান্ড সফরে ‘ইন্ডিয়া এ’ দলের হয়ে ডাক পাওয়া এই বিস্ময় বালকের আন্তর্জাতিক অভিষেক এখন সময়ের ব্যাপার মাত্র। টি-টোয়েন্টি ক্রিকেটের এভারেস্ট চূড়া অর্থাৎ ২০০ রানের মাইলফলক ছোঁয়া বৈভবের ব্যাটের জন্য কত দ্রুত সম্ভব হয়, এখন সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত