ম্যাকটমিনের সেই আইকনিক গোল এবার ব্যাংক নোটে!

আপডেট : ২৫ মে ২০২৬, ১০:৪৮ পিএম

স্কটল্যান্ড ফুটবল দলের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে ফেরার ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে এক অভিনব উদ্যোগ নিয়েছে 'ব্যাংক অব স্কটল্যান্ড'। দেশটির তারকা মিডফিল্ডার স্কট ম্যাকটমিনের ডেনমার্কের বিপক্ষে করা সেই বিখ্যাত ওভারহেড কিকের গোলটি থেকে অনুপ্রাণিত হয়ে একটি বিশেষ ও সীমিত সংস্করণের (লিমিটেড এডিশন) ২০ পাউন্ডের ব্যাংক নোট উন্মোচন করেছে ব্যাংকটি।

গত বছরের নভেম্বরে গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে এক নাটকীয় ম্যাচে ডেনমার্ককে ৪-২ ব্যবধানে হারিয়ে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো পুরুষ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে স্কটল্যান্ড। সেই ম্যাচে ওভারহেড কিকে করা ম্যাকটমিনের দর্শনীয় প্রথম গোলটি স্কটিশ ফুটবল ইতিহাসে অন্যতম সেরা হিসেবে জায়গা করে নিয়েছে। এবার সেই আইকনিক মুহূর্তটিকেই স্থান দেওয়া হলো ব্যাংক নোটে, যেখানে সনাতনী ব্যাংক নোটের নকশার সাথে ফুটবলীয় আবেগের এক দারুণ সংমিশ্রণ ঘটানো হয়েছে।

এই অনন্য সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত স্কট ম্যাকটমিনে বলেন, "ফুটবল মাঠের এমন মুহূর্তগুলো আসলে দলের পেছনে থাকা প্রতিটি সমর্থকের। তাই স্কটল্যান্ডের ব্যাংক নোটে নিজের গোলটি দেখার অনুভূতি সত্যিই অন্যরকম এবং স্পেশাল। সবচেয়ে বড় বিষয়, এই নোটটির মাধ্যমে গৃহহীনদের সহায়তায় কাজ করা সংস্থা 'ক্রাইসিস'-কে তহবিল জোগাতে ব্যাংক অব স্কটল্যান্ডের সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত গর্বিত।"

এই বিশেষ সংস্করণের মাত্র ১০০টি নোট তৈরি করা হয়েছে। এর মধ্যে ৫০টি নোট ফুটবলপ্রেমী ও সংগ্রাহকদের জন্য উন্মুক্ত থাকবে। অনলাইনে নিলাম এবং প্রাইজ ড্র-এর একটি যৌথ প্রক্রিয়ার মাধ্যমে ভক্তরা এই নোটগুলো জিতে নেওয়ার সুযোগ পাবেন। আগামী ২৬ জুন, শুক্রবার সকাল ১১টা পর্যন্ত এই অনলাইন নিলাম ও প্রাইজ ড্র-তে অংশ নেওয়া যাবে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিলাম থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ স্কটল্যান্ডের গৃহহীন মানুষের কল্যাণে নিয়োজিত দাতব্য সংস্থা 'ক্রাইসিস স্কটল্যান্ড'-এর তহবিলে দান করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত