মনপুরায় কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ৫ দোকান

আপডেট : ২৬ মে ২০২৬, ০৬:৩১ পিএম

ভোলার মনপুরা উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে পাঁচটি দোকান লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ঈদুল আজহাকে সামনে রেখে দোকানে নতুন মালামাল তোলার পর এমন দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, মুদিদোকানি মো. এনায়েত, আব্দুর রহমান, সোহেল ও রাশেদসহ আরও একজন ব্যবসায়ী। 

স্থানীয় সূত্র জানায়, হঠাৎ শুরু হওয়া ঝড়ের তীব্রতায় কয়েকটি দোকানঘর মুহূর্তেই ভেঙে পড়ে। এ সময় দোকানে থাকা বিভিন্ন মালামাল ছিটকে পাশের নদীতে পড়ে ভেসে যায়।

ব্যবসায়ীরা জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে ধারদেনা ও কষ্টের টাকায় দোকানে বিপুল পরিমাণ পণ্য তুলেছিলেন তারা। কিন্তু কয়েক মিনিটের ঝড়েই সবকিছু তছনছ হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. এনায়েত বলেন, ঈদ সামনে রেখে অনেক আশা নিয়ে দোকানে মাল তুলেছিলাম। কিন্তু হঠাৎ ঝড়ে সব শেষ হয়ে গেছে। এখন পরিবার নিয়ে কীভাবে চলবো বুঝতে পারছি না।

স্থানীয় বাসিন্দারা জানান, আকস্মিক এই দুর্যোগে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকার ও স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন এর প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু মুসা বলেন, ঝড়ে কিছু দোকান ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত