বগুড়ায় বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। বুধবার (২৭ মে) ভোর সাড়ে ৩টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার পাগলাপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— হানিফ পরিবহনের বাস সুপারভাইজার উত্তম মন্ডল (৩০) এবং ট্রাকের হেলপার হৃদয় হোসেন (৩০)।
পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী হানিফ পরিবহনের একটি বাস ভোর ৩টার দিকে সামনের চাকা পাংচার হলে কাহালু উপজেলার পাগলাপীর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। পরে ভোর সাড়ে ৩টার দিকে নওগাঁগামী একটি ট্রাক পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়।
এতে বাসের সুপারভাইজার ও ট্রাকের হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে উত্তম মন্ডল এবং সকাল সাড়ে ৮টার দিকে হৃদয় হোসেন মারা যান।
ওসি শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। নিহত দুজনের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৌদির সঙ্গে মিল রেখে দেশের নানা প্রান্তে ঈদ উদযাপন