আজ বাদে কাল ঈদুল আযহা। ঈদের আগের রাতকে চাঁদ রাত বলা হয়। এই রাতে মেহেদী দিয়ে নিজেদের রাঙিয়ে তুলতে পছন্দ করেন মুসলিম রমনীরা। কেউ হাতে, কেউ পায়ে মেহেদী দিয়ে নানা রঙে রাঙান। এবার ঈদুল আযহার আগে আজ বুধবার সেই বায়না ধরলেন ভারতের গোয়ায় আসা নারী ফুটবলাররা।
চাঁদ রাতে মেহেদী রঙে নিজেদের রাঙাতে চাইছেন তারা। এ নিয়ে বিপাকে পড়েছেন দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমি। মেয়েরা নাকি তাকেই ধরেছেন মেহেদী এনে দেওয়ার জন্য্ নওমির কথা, ‘মেয়েরা আমার কাছে মেহেদীর আবদার করেছে। তারা বলেছে, আমাদের মেহেদী চাই। এখন কিভাবে যে জোগাড় করি তা ভেবে পাচ্ছি না। বাংলাদেশের মতো মেহেদী এখানে পাওয়া যাবে কিনা তাও জানি না। কিন্তু মেয়েরা আবদার করেছে। এখন দিতে না পারলেও তারা কষ্ট পাবে।’
সাফে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন নিয়ে এবার গোয়ায় এসেছেন আফঈদা খন্দকার, মারিয়া মান্দারা। এর আগে ২০২২ ও ২০২৪ সালে টানা দুটি শিরোপা জিতেছিল বাংলাদেশ। অবশ্য ওই দুটি শিরোপা এসেছিল সাবেক অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে। এবার সাবিনা নেই। তবে দলকে নেতৃত্ব দেবেন মারিয়া মান্দা।
গোয়ায় আসার আগে এই টুর্নামেন্টের জন্য চট্টগ্রামের কেপিজেডে ১০ দিন, ঢাকায় এক সপ্তাহ এবং থাইল্যান্ডের ব্যাংককে দুই সপ্তাহের নিবিড় অনুশীলন করেছেন কোচ পিটার বাটলারের শিষ্যরা। দলে সিনিয়র পাঁচ সদস্য সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাতসুশিমা সুমাইয়া না থাকলেও এই দল নিয়েই শিরোপার বাজি ধরেছেন পিটার। গত ২১ মে ব্যাংকক থেকে সরাসরি গোয়ায় এসে অনুশীলনে নেমে পড়েছেন লাল সবুজের মেয়েরা। আগামীকাল বি-গ্রুপে তাদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ মালদ্বীপ।