গেইল-ওয়ার্নারদের ইতিহাস মুছে সূর্যবংশীর রেকর্ড-মহাকাব্য

আপডেট : ২৮ মে ২০২৬, ০১:১৪ এএম

চলতি আইপিএলে ক্রিকেট দুনিয়া যা দেখছে, তাকে অলৌকিক বললেও হয়তো কম বলা হবে! সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টুর্নামেন্টের বাঁচা-মরার লড়াইয়ে (এলিমিনেটর) রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে এমন এক টর্নেডো চালালেন ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী, যা আইপিএলের ইতিহাসের পাতাকে সম্পূর্ণ ওলটপালট করে দিয়েছে।

মাত্র ২৯ বলে তার খেলা ৯৭ রানের মহাকাব্যিক ইনিংসের ওপর ভর করে হায়দরাবাদকে ৪৭ রানে হারিয়ে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে রাজস্থান রয়্যালস। আগামী শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে তারা।

ম্যাচের শুরু থেকেই হায়দরাবাদের বিশ্বমানের বোলিং আক্রমণকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন বৈভব। ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে সানরাইজার্সের পেসার সাকিব হুসাইনকে ছাঙিয়ে এক অবিশ্বাস্য কীর্তি গড়েন তিনি। এটি ছিল চলতি আসরে তার ৬০তম ছক্কা, যার মাধ্যমে তিনি ২০১২ সালে ক্রিস গেইলের গড়া এক আইপিএল আসরে সর্বোচ্চ ৫৯টি ছক্কার ঐতিহাসিক রেকর্ডটি ভেঙে নিজের করে নেন। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত তার ছক্কার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬৫টিতে! মাত্র ১৬ বলে নিজের অর্ধশতক পূরণ করে আইপিএল প্লে-অফের ইতিহাসে সুরেশ রায়নার দ্রুততম ফিফটির রেকর্ড স্পর্শ করেন তিনি।

তিন রানের জন্য সেঞ্চুরি মিস করায় নিজের ওপর হতাশ হন সূর্যবংশী

সানরাইজার্সের অধিনায়ক প্যাট কামিন্স পাওয়ারপ্লে-তে মাঠের ফিল্ডিং পজিশন বারবার পরিবর্তন করেও বৈভবকে থামানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। কামিন্সের এক ওভারেই তিনটি বিশাল ছক্কা মারেন এই বাঁহাতি ওপেনার। অষ্টম ওভারে প্রাফুল হিঙ্গেকে তুলোধোনা করে যখন তিনি আইপিএল ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির (৩০ বল) দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, ঠিক তখনই ঘটে এক অ্যান্টি-ক্লাইম্যাক্স। ক্রিস গেইলের দ্রুততম শতকের রেকর্ড ভাঙতে আর মাত্র একটি বড় শটের প্রয়োজন ছিল। কিন্তু আপার-কাট করতে গিয়ে থার্ড ম্যানে ক্যাচ দিয়ে মাত্র ৩ রানের আক্ষেপে ৯৭ রানে সাজঘরে ফেরেন তিনি। ২৯ বলের এই ইনিংসে তিনি ৩৩৪.৪৮ স্ট্রাইক রেটে ১২টি ছক্কা হাঁকান, যা আইপিএল নক-আউট ইতিহাসে যেকোনো ব্যাটারের জন্য সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

বৈভবের এই বিধ্বংসী ইনিংস এবং চলতি মৌসুমের ফর্ম তাকে কিংবদন্তিদের কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। দেখে নেওয়া যাক এই ম্যাচ দিয়ে তিনি কোন কোন রেকর্ড নিজের করে নিলেন:

টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম: ক্রিকেটের ইতিহাসে বৈভব সূর্যবংশীই প্রথম ব্যাটার, যিনি কোনো স্বীকৃত পুরুষ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ২০০-এর বেশি স্ট্রাইক রেট (২৪২.৮৫) বজায় রেখে ৬০০-এর বেশি (৬৮০ রান) রান সংগ্রহ করেছেন।

পাওয়ারপ্লে-তে ওয়ার্নারকে পেছনে ফেলা: আইপিএল ২০২৬-এর পাওয়ারপ্লে (১-৬ ওভার) জুড়েই রাজত্ব করেছেন বৈভব। এই পাওয়ারপ্লে-তে তিনি মোট ৪৯০ রান করেছেন, যা ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের করা ৪৬৭ রানের রেকর্ডকে ছাড়িয়ে এক আসরে পাওয়ারপ্লে-র সর্বোচ্চ রান।

পাওয়ারপ্লে-তে ছক্কার বন্যা: হায়দরাবাদের বিরুদ্ধে এই ম্যাচে পাওয়ারপ্লে-র ভেতরেই একাই ৮টি ছক্কা মারেন বৈভব, যা আইপিএলের ইতিহাসে পাওয়ারপ্লে-তে এক ইনিংসে কোনো ব্যাটারের সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

আনক্যাপড ব্যাটার হিসেবে সর্বোচ্চ: আন্তর্জাতিক ম্যাচ না খেলা (আনক্যাপড) ক্রিকেটার হিসেবে আইপিএলের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড এখন বৈভবের (৬৮০ রান)। তিনি ২০২৩ সালে যশস্বী জয়সওয়ালের করা ৬২৫ রানের রেকর্ড ভাঙেন।

গেইলের অনন্য রেকর্ডে ভাগ: আইপিএলের ইতিহাসে এক ইনিংসে ১০ বা তার বেশি ছক্কা মারার কীর্তি গড়েছেন ৪ বার, যা ক্রিস গেইলের সাথে যৌথভাবে সর্বোচ্চ। তবে এক আসরেই ৩ বার ১০-এর বেশি ছক্কা মারার একক রেকর্ডটি একমাত্র বৈভবেরই।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত