হরমুজ প্রণালিতে ইরান ও মার্কিন বাহিনীর মধ্যে গোলাগুলি

আপডেট : ২৮ মে ২০২৬, ০৯:৪০ এএম

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে একটি মার্কিন তেল ট্যাংকারকে লক্ষ্য করে ইরানের নৌবাহিনীর গুলি করার খবর পাওয়া গেছে। এর জবাবে মার্কিন বাহিনীও পাল্টা আঘাত হেনেছে বলে জানা গেছে। ইরানের আধা-সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানা যায়।

তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি মার্কিন তেল ট্যাংকারকে লক্ষ্য করে ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) নৌবাহিনী গুলি চালায়। ইরানি কর্তৃপক্ষের দাবি, মার্কিন ট্যাংকারটি তাদের রাডার সিস্টেম এবং যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রেখে ওই জলপথ অতিক্রম করার চেষ্টা করছিল, যা নিয়ম বহির্ভূত।

এদিকে ইরানি বাহিনীর এই পদক্ষেপের পর মার্কিন সেনারাও পাল্টা জবাব দেয়। তাসনিম নিউজের দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন বাহিনী ইরানের অন্যতম প্রধান বন্দরনগরী বন্দর আব্বাসের একটি পরিত্যক্ত এলাকা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তাসনিম নিউজ আরও জানিয়েছে, ঘটনার সময় বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। এই শব্দ মূলত উভয় পক্ষের মধ্যকার গোলাগুলির ঘটনার সঙ্গেই সম্পর্কিত ছিল।

তবে এই অনাকাঙ্ক্ষিত ও উত্তেজনাপূর্ণ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষেরই হতাহত কিংবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উদ্ভূত পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকে পরবর্তীকালে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয় কি না, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক বিশ্লেষকদের।

সূত্র: আল–জাজিরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত