আইআরজিসি

আরও ২৪ জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে

আপডেট : ২৯ মে ২০২৬, ০৮:৩৭ পিএম

প্রতিদিন সুনির্দিষ্ট রুট ব্যবহার করে সীমিত সংখ্যক জাহাজ পারাপারের অনুমতি দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘হরমুজ প্রণালি’ পার হয়েছে আরও ২৪ জাহাজ। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে। আইআরজিসি জানায়  গত ২৪ ঘণ্টায় তাদের কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে মোট ২৪টি বাণিজ্যিক জাহাজ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ পার হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ফার্স’-এর বরাত দিয়ে আইআরজিসি নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালিতে অতিরিক্ত জটলা বা ‘কনজেশন’ এড়াতে তারা প্রতিদিন সুনির্দিষ্ট রুট ব্যবহার করে সীমিত সংখ্যক জাহাজ পারাপারের অনুমতি দিচ্ছে। এর আগে বৃহস্পতিবার (২৮ মে) আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছিল যে ২৪ ঘন্টার ব্যবধানে মোট ২৬ টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে।  

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) তেল ও আর্থিক নেটওয়ার্ক পুরোপুরি বিচ্ছিন্ন করতে চায়। তারই ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে একাধিক প্রতিষ্ঠান, ব্যক্তি এবং বেশ কয়েকটি মালবাহী ট্যাংকারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে।শুক্রবার (২৯ মে) মার্কিন পররাষ্ট্র দফতর থেকে এই নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের প্রকাশিত তালিকা অনুযায়ী, অবৈধভাবে ইরানের পেট্রোকেমিক্যাল ও জ্বালানি তেল পরিবহণের দায়ে মোট ১১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ৮টি সমুদ্রগামী জাহাজের সমস্ত আন্তর্জাতিক লেনদেন ও অর্থনৈতিক কার্যক্রম সম্পূর্ণ অবরুদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি ইরানের সাথে সরাসরি নিষিদ্ধ বাণিজ্যে জড়িত থাকার অপরাধে একজন সুনির্দিষ্ট ব্যক্তির ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় হংকং-ভিত্তিক বেশ কয়েকটি প্রভাবশালী শিপিং ও লজিস্টিকস প্রতিষ্ঠানের নাম রয়েছে। ওয়াশিংটনের দাবি, এই প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে মধ্যপ্রাচ্য ও এশিয়ায় বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের ইরানি তেল বিক্রির একটি বিশাল ও গোপন নেটওয়ার্ক পরিচালনা করে আসছিল। মূলত এই অবৈধ তেল বিক্রির অর্থ দিয়েই আইআরজিসি তাদের আঞ্চলিক ও সামরিক কার্যক্রমের তহবিল জোগাড় করত।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত