চট্টগ্রামের ফটিকছড়িতে একই দিনে দুটি পৃথক মর্মান্তিক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হন।
একই দিনে পাইন্দং ইউনিয়নের একটি মাছের প্রজেক্টে পানিতে ডুবে এক শিশু ও খামার মালিকের মৃত্যু হয়।
জানা গেছে, হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল বন্যপ্রাণী অভয়ারণ্যে বেড়াতে গিয়ে ফটিকছড়ির আব্দুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা জয় মল্লিক (১৮) এবং রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের বাসিন্দা সীমান্ত দাশ (২২) মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খান। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর হাসপাতাল ও ঘটনাস্থলে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
এদিকে, একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে পাইন্দং ইউনিয়নের ডলু নয়াবাজার আর্মি ক্যাম্পসংলগ্ন একটি মাছের প্রজেক্টে তিন শিশু পানিতে পড়ে যায়। এ সময় খামারের মালিক মফিজ দ্রুত উদ্ধারকাজে নেমে দুই শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।
তবে আড়াই বছর বয়সী শিশু মুনতাহিনা পানিতে নিখোঁজ হয়ে যায়। পরে তাকে উদ্ধারের জন্য আবার পানিতে নামলে মফিজ নিজেও পানির নিচে তলিয়ে যান। স্থানীয়রা পরে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। দীর্ঘ তিন ঘণ্টার অনুসন্ধানের পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও ডুবুরি না থাকায় কার্যকর উদ্ধারকাজ পরিচালনা করা সম্ভব হয়নি।
উভয় ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশু মুনতাহিনা ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কে. এম. টেক এলাকার আজাদের কন্যা।
আদ্-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা