আল-আকসা মসজিদে ইসরায়েলি পতাকা ওড়ানোর ঘটনায় আমিরাতের ক্ষোভ

আপডেট : ০১ জুন ২০২৬, ০৯:৪৯ এএম

ইসরায়েলি পুলিশের কড়া পাহারায় পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জোরপূর্বক প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির পক্ষ থেকে এই ঘটনাকে চরম ‘উসকানি’ হিসেবে অভিহিত করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত রবিবার (৩১ মে) আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে ইসরায়েলি পতাকা উত্তোলন করে বসতি স্থাপনকারীরা। এই ধরনের কর্মকাণ্ড ইসলামের অন্যতম পবিত্র এই স্থানটির ঐতিহাসিক ও আইনি মর্যাদা (স্ট্যাটাস কু) লঙ্ঘন করেছে।

বিবৃতিতে আল-আকসা মসজিদের তত্ত্বাবধায়ক হিসেবে জর্ডানের ভূমিকার কথা উল্লেখ করে ধর্মীয় পবিত্র স্থানগুলো রক্ষায় আম্মানের নেওয়া সব ধরনের পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে ইউএই।

সংযুক্ত আরব আমিরাত আরও জানিয়েছে, এই ধরনের উত্তেজনা সৃষ্টিকারী কর্মকাণ্ড বন্ধ করার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষই সম্পূর্ণ দায়ী। পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয়, সেজন্য সবাইকে প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে দেশটি। একই সঙ্গে, ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন পূরণ এবং একটি দ্বিপাক্ষিক সমাধান (টু-স্টেট সলিউশন) নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোর তৎপরতা চালানোর আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, আল-আকসা মসজিদ প্রাঙ্গণটি ইহুদিদের কাছে ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত। দীর্ঘদিনের প্রচলিত নিয়ম অনুযায়ী, এই পবিত্র স্থানে কেবল মুসলিমদেরই নামাজ আদায় বা ইবাদত করার অনুমতি রয়েছে। অমুসলিমরা সেখানে কেবল পরিদর্শনের জন্য যেতে পারলেও কোনো ধরনের ধর্মীয় আচার বা উপাসনা করতে পারেন না।

সূত্র: আল-জাজিরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত