দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৪ জন।
মঙ্গলবার (২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে এই শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯২ জন শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৬২ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৪২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ফলে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ১৩৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ১০৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৮১২ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে মারা গেছেন ৯০ জন। ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৪ জনে।
