কুমিল্লার বুড়িচং উপজেলায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ফোন পেয়ে দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ কনস্টেবল। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে গুরুতর আহত করে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য মো. ফোরকান দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় সংঘর্ষের খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছানোর পর একদল ব্যক্তি পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ব্যবহার করলে কনস্টেবল ফোরকান গুরুতর আহত হন। পরে সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে বুড়িচং থানার ওসি লুৎফুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওসি লুৎফুর রহমান বলেন, এ ঘটনায় দুই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
