চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের নয়াহাট মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজন হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা গ্রামের আবু তাহেরের ছেলে আলমগীর ফরিদ (২৬) ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল গ্রামের মৃত মো. জহিরের ছেলে সাহাবুদ্দিন (৪০)।
পুলিশ জানায়, নয়াহাট মসজিদের সামনে মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক দুজনকে তল্লাশি করলে তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এরমধ্যে আলমগীরের প্যান্টের পকেটে ১ হাজার ৪০০ পিস ও সাহাবুদ্দিনের লুঙ্গির খোঁচায় ৬০০ পিস ইয়াবা ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রি করছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, ‘গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’
