প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, রিমান্ডে দুই আসামি

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৬:৪৭ পিএম

রাজধানীর সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে রেড টেলিফোন সংযোগের তামার তার চুরি হওয়ার ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে পাঁচ দিনে রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৫ জুন) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই আদেশ দেন।

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার রঞ্জন চন্দ্র (২৬) সচিবালয়ের আউটসোর্সিং কর্মী ও রিজাকুল ইসলাম (৩২) ভাঙারি দোকানদার বলে জানা গেছে।

এর আগে, আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) উপপরিদর্শক এনজামুল হক।

অভিযোগ অনুযায়ী, সাম্প্রতিক সময়ে সংঘটিত স্পর্শকাতর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এ ঘটনায় বিটিসিএল কর্তৃপক্ষ শাহবাগ থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। পরে তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সচিবালয়ে আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

রিমান্ড আবেদন অনুযায়ী, জিজ্ঞাসাবাদে আসামি রঞ্জন চন্দ্র স্বীকার করেন, শুক্রবার (২২ মে) সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তিনি তামার তার চুরি করেন এবং পরে সোমবার (১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট আট কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিটিটিসির একটি দল অভিযান পরিচালনা করে একুশে হল-সংলগ্ন ভাঙারি দোকান থেকে রিজাকুল ইসলাম (৩২) নামে একজনকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে চকবাজার থানার হোসেনী দালান রোড এলাকায় অবস্থিত একটি ভাঙারি গুদামে অভিযান পরিচালনা করে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত