প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, দেশ এক ক্রান্তিকাল অতিবাহিত করছে। এ সংকট থেকে উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এ জন্য নতুন অর্থবছরের বাজেটে ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি।
শনিবার (৬ জুন) ‘সংকট মুহূর্তের বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক তিতুমীর জানান, নতুন অর্থবছরের বাজেটে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের আধুনিক স্বাস্থ্যসেবাকে জনগণের আরো কাছে পৌঁছে দিতে জাতীয় স্বাস্থ্যব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা ও কার্যক্রম চলমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ, এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক নাসিম মঞ্জুর, গবেষক ও অধিকারকর্মী মাহা মির্জা, সাবেক অর্থসচিব মুসলিম চৌধুরী, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, আইসিএমএবি সভাপতি কাউসার আলম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন ড. একেএম ওয়ারেসুল করিম।
গোলটেবিল আলোচনায় অংশগ্রহণকারীরা কৃষকদের স্বার্থ রক্ষায় কৃষি খাতে অর্থায়ন বৃদ্ধি, শিল্পভিত্তিক বাজেট প্রণয়ন, তেল ও বিদ্যুৎ খাতের চ্যালেঞ্জ, পরিবেশগত সংকট, রেমিট্যান্সপ্রবাহ এবং আমদানি-রপ্তানি খাতের প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনায় টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা ও বাস্তবমুখী নীতিমালা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
