হরমুজে ইরানি ড্রোন লক্ষ্য করে মার্কিন হামলা

আপডেট : ০৭ জুন ২০২৬, ০১:৪৯ পিএম

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের ১০০তম দিনে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি হিসেবে চিহ্নিত দুটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এর আগে আরও চারটি ড্রোন ও উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়েছে।

এর জবাবে শনিবার (৬ জুন) বাহরাইন ও কুয়েতের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। সেন্টকমের দাবি, সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি প্রতিহত করা হয়েছে। তবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা ওই অঞ্চলে ‘শত্রু ঘাঁটি’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। 
 
বাহরাইন ও কুয়েত এই হামলাকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি হিসেবে উল্লেখ করেছে। বাহরাইনের রাজধানী মানামায় বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠার পাশাপাশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও স্থানীয় সূত্র জানিয়েছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ‘উস্কানিমূলক আচরণ’ বলে আখ্যা দিয়েছে।

এদিকে যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিচুক্তিতে রূপ দেওয়ার প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ী বলেছেন, আলোচনা অচলাবস্থায় রয়েছে এবং তা ভাঙতে যুক্তরাষ্ট্রকেই উদ্যোগ নিতে হবে।

সংঘাতের প্রভাব লেবাননেও পড়ছে। দেশটি ইরানকে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে। একই সময়ে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় তিন সেনা সদস্য নিহত হওয়ার দাবি করেছে বৈরুত। তবে ইসরায়েল বলছে, তাদের অভিযান কেবল হিজবুল্লাহকে লক্ষ্য করেই পরিচালিত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত