ইন্টার্ন চিকিৎসকদের দাবি খতিয়ে দেখা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৮ জুন ২০২৬, ১২:৫৭ পিএম

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক, প্রশিক্ষণার্থী চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের দাবি কতটুকু যৌক্তিক এবং গ্রহণযোগ্য, তা খতিয়ে দেখা হবে। সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, ‌‌‘স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আন্দোলনকারীদের নিয়ে বৈঠকে বসবেন। গণতান্ত্রিক দেশ হিসেবে আন্দোলন করার অধিকার সবারই রয়েছে। আমরা দেখব তাদের দাবি কতটুকু যৌক্তিক এবং গ্রহণযোগ্য।’

আন্দোলনের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পরিস্থিতি এখনও ওই পর্যায়ে যায়নি। তারা (চিকিৎসকরা) সাধারণ মানুষকে সেবা দিচ্ছেন এবং চিকিৎসাসেবা অব্যাহত রেখেছেন। আমরা সামগ্রিক বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব।’

এদিকে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের সাম্প্রতিক প্রতিক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘তারা কী বলেছে না বলেছে, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের আইন মেনে কাজ করতে হয়। তারা সময় চেয়েছে; অনেক সময় আদালতও সময় দেয়, তাই আমরাও দুই দিন সময় দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের উচ্চমানের আইনজীবী রয়েছেন। তাদের সঙ্গে আলোচনা করেই আমরা আইনি প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি। তারা আমাদের কী ক্ষতিপূরণ দেবে? আমরা দেখব তারা কী অপরাধ করেছে এবং সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের অবস্থানে অনড় থাকব এবং সততা ও ন্যায়নিষ্ঠার ভিত্তিতে কাজ করে যাব।’

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত