নতুন মামলায় তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

আপডেট : ০৮ জুন ২০২৬, ০১:০৪ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলায় তাকে গ্রেফতার দেখানোর (শোন অ্যারেস্ট) নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৮ জুন) সকালে তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে ঢাকার একটি আদালত এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন সকালে তুরিন আফরোজকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করে ঢাকা মহানগরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতের আসামি কাঠগড়ায় রাখা হয়। এরপর কারাগারে থাকা অবস্থায় অন্য মামলায় গ্রেফতার দেখানো সংক্রান্ত আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে এই মামলায় তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।

মামলার নথিপত্র ও বাদীপক্ষের অভিযোগ থেকে জানা যায়, রাজধানীর উত্তরা এলাকায় পারিবারিক সম্পত্তির দখল ও জালিয়াতিকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত। মামলার বাদী শাহ নেওয়াজ আহাম্মদের অভিযোগ, তুরিন আফরোজ ক্ষমতার প্রভাব খাটিয়ে এবং জালিয়াতির আশ্রয় নিয়ে তাদের পৈত্রিক সম্পত্তি আত্মসাতের চেষ্টা করেছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বাদীর বাবা মারা যাওয়ার পর তুরিন আফরোজ জালিয়াতির মাধ্যমে একটি ভুয়া হলফনামা তৈরি করে সম্পত্তির মালিকানা দাবি করেন। শুধু তাই নয়, ক্ষমতার অপব্যবহার করে বাদীর মায়ের ফ্ল্যাটে প্রবেশ করে তাকে শারীরিকভাবে নির্যাতন এবং ঘর থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র ও দলিলপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। দীর্ঘ সময় বিদেশে অবস্থানের কারণে মামলা দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে বাদীপক্ষ জানিয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনার তদন্ত শেষে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কফিল মাহমুদ রায়হান জানান, পিবিআই-এর তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করেই আদালতে তুরিন আফরোজকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে সেই আবেদন মঞ্জুর করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত