যুবদল সভাপতি

‘মবতন্ত্র-উচ্ছৃঙ্খল রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে’

আপডেট : ০৮ জুন ২০২৬, ০১:১৪ পিএম

মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণি রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

তিনি বলেন, চতুর কথাবার্তা বলে রাজনীতিতে বেশি দিন টিকে থাকা যায় না। মবসন্ত্রাস করে পজিশন নেওয়ার চেষ্টা করলে জনগণ ভালোভাবে নেবে না। আপনারা রাজনৈতিক ভাষায় কথা বলুন, সাংগঠনিক কাজ করুন। বেফাঁস বক্তব্য-মন্তব্য থেকে বিরত থাকুন।

সোমবার (৮ জুন) রাজধানীর নয়াপল্টনে স্থানীয় একটি হোটেলে আয়োজিত যুবদলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যুবদল সভাপতি এসব কথা বলেন।

মোনায়েম মুন্না বলেন, প্রত্যেক নেতাকর্মীদের রাজপথের ত্যাগ ও সংগ্রামকে আমরা মূল্যায়ন করেছি। আগের কমিটির প্রায় ১১৪ জনকে আমরা এই কমিটিতে রেখেছি। আমরা তাদের রাজপথের লড়াই ও অবদানকে স্বীকার করেছি, বিবেচনায় নিয়েছি। আরও কয়েকজন ত্যাগী নেতাদের আমরা জায়গায় দিতে পারিনি।

হাইকমান্ডের নির্দেশে আমরা যাচাই বাছাই করে ১৫১ সদস্যের কমিটি গঠনে বিষয় জানিয়ে তিনি বলেন,  যাদের কমিটিতে রাখতে পারেনি, তাদের জন্য চেষ্টা করর। আরও অন্তত ১০০ জনকে কমিটির সংযুক্ত করার চেষ্টা করব। সেখানে হয়তো তাদের মূল্যায়ন করার চেষ্টা করব। সুতরাং কারো হতাশ হওয়ার কারণ নেই।

বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন যুবদল সভাপতি।

যুবদল সভাপতি ছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ কেন্দ্রীয় নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত