নতুন সরকারের প্রথম নারী ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিনা আখতার (টফি)। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
আজ সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন, ২০১৬ এর ১০(১) ধারা অনুযায়ী তাহমিনা আখতার, প্রফেসর, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর উপাচার্য পদে পাঁচটি শর্তে নিয়োগ প্রদান করা হলো।
শর্তগুলো হল-
১. উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ-এর মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।
২. উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন।
৩. তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
৪. তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
৫. মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক তাহমিনা আখতার ৩৫ বছর ধরে শিক্ষকতা করছেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে রিসোর্সপার্সন এবং প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান ও ক্লাস গ্রহণ করেছেন তিনি।
জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে অধ্যাপক তাহমিনা আখতারের ৫০টির বেশি গবেষণা প্রবন্ধ এবং ৫টি বই প্রকাশিত হয়েছে। এরমধ্যে দুটি বই রয়েছে জুলাই রক্তাক্ত বিপ্লব ২০২৪ ও সবার আগে বাংলাদেশ২০২৬।
পেশাগত জীবনে অধ্যাপক তাহমিনা আখতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ও কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি আন্তর্জাতিক, জাতীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৮০ টির অধিক গবেষণা প্রকল্প পরিচালনা ও তত্ত্বাবধান করার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি ডিগ্রির পরীক্ষক এবং তত্ত্বাবধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক তাহমিনা আখতার বিএনপিপন্থী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সেইসঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে ইউট্যাবের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাজধানীর গুলশান অফিস অভিমুখী পদযাত্রা এবং মানববন্ধনে নেতৃত্ব দেয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শাস্তিস্বরুপ অধ্যাপক তাহমিনা আখতারকে তিন বছরের অধিক বাধ্যতামূলকভাবে ছুটি দিয়েছিল।