আহত ৪৮৭

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৭

আপডেট : ১০ জুন ২০২৬, ০৬:২৮ এএম

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে পৌঁছেছে। দেশটির দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। গত সোমবার সকালে এ ভূমিকম্প আঘাত হানে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পের পরপর সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়

ভূমিকম্পের উদ্ধারকর্মীরা উপকূলীয় শহর ও জনপদগুলোতে পৌঁছানোর পর মিন্দানাও দ্বীপের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র স্পষ্ট হতে শুরু করেছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইতোমধ্যে আহতের সংখ্যা ৪৮৭ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে ফিলিপাইনে বহু ভবন ধসে পড়েছে এবং রাস্তাঘাট ফেটে গেছে। দ্বীপটির বিস্তীর্ণ এলাকায় এখনো বিদ্যুৎ ও টেলিযোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে।

জিএফজেড আরও জানায়, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তি। ইন্দোনেশিয়ার উত্তরের শহর মানাদোর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সেখানেও অত্যন্ত তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে।

ফিলিপাইন ও ইন্দোনেশিয়া ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। উভয় দেশই ‘প্যাসিফিক রিং অব ফায়ার’–এর অন্তর্ভুক্ত। এটি দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে রাশিয়ার দূরপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি অঞ্চল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত