অবসর নিয়ে এখনই ভাবছেন না রোনালদো

আপডেট : ১০ জুন ২০২৬, ০৪:৪৮ পিএম

বয়স ৪১ পেরিয়ে গেলেও মাঠের সবুজ গালিচায় এখনো যেন চিরতরুণ ক্রিশ্চিয়ানো রোনালদো। সামনেই ক্যারিয়ারের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলার রোমাঞ্চকর হাতছানি। বিশ্বকাপের এর আগের আসর থেকেই তাকে নিয়ে ফুটবলপ্রেমীদের মনে একটাই কৌতূহল, কবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন এই পর্তুগিজ মহানায়ক? খোদ রোনালদোই বা কি ভাবছেন এ নিয়ে? এমন প্রশ্নের কিছুটা উত্তর মিলল পর্তুগিজদের কোচ রবার্তো মার্তিনেস। তিনি সাফ জানিয়েছেন, অবসর কিংবা ভবিষ্যৎ নিয়ে এই মুহূর্তে বিন্দুমাত্র ভাবছেন না সিআরসেভেন।

পর্তুগিজ এই ফরোয়ার্ড নিজে এখনো বিদায়ের কোনো ইঙ্গিত দেননি। তবে উত্তর আমেরিকার এই মেগা টুর্নামেন্টটিই যে বিশ্বমঞ্চে তার শেষ নৃত্য হতে যাচ্ছে, তা অনেকটাই নিশ্চিত। কারণ ২০৩০ সালের পরবর্তী বিশ্বকাপের সময় তার বয়স গিয়ে ঠেকবে ৪৫-এ। ফুটবল ইতিহাসে এই বয়সে বিশ্বকাপ খেলার বিরল কীর্তি রয়েছে কেবল মিশরের গোলরক্ষক এসাম এল হাদারির। তবে বয়স আর সমীকরণ কোনো কিছু নিয়েই ভাবেন না রোনালদো। দেশের ২০০৩ সালে অভিষেকের পর দেশের হয়ে ২২৭ ম্যাচে রেকর্ড ১৪৩ গোল করা এই ফুটবলারের পুরো মনোযোগ এখন শুধুই বিশ্বজয়ের অধরা স্বপ্ন পূরণে। এছাড়া পেশাদার ক্যারিয়ারেও প্রথম কোনো ফুটবলার হিসেবে হাজার গোল করার কীর্তিরও বেশ কাছেই আছেন তিনি। 

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আজ বুধবার ঘরের মাঠ লেইরিয়াতে নাইজেরিয়ার বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে নামছে পর্তুগাল। তবে কি নিজ দেশের দর্শকদের সামনে আন্তর্জাতিক ফুটবলে এটিই রোনালদোর শেষ ম্যাচ? এমন গুঞ্জন থাকলেও, রোনালদো এই ম্যাচকে দেখছেন অন্য দশটা সাধারণ ম্যাচের মতোই। এই প্রসঙ্গে মার্তিনেস বলেন, ‘আমাদের অধিনায়ক প্রতিটি কাজের মাধ্যমে দলের সামনে উদাহরণ তৈরি করে। পর্তুগালকে সাহায্য করতে সে দিনের ২৪ ঘন্টাই নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত। সে কিংবা দলের অন্য কোনো খেলোয়াড় এই মুহূর্তে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন।’

নাইজেরিয়ার বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচটিকে পর্তুগাল কোচ মূলত দলের বাকি ফুটবলারদের ঝালিয়ে নেওয়ার মঞ্চ হিসেবে দেখছেন। ‘পরিকল্পনা হলো, শুরুর একাদশের ১১ জনকেই বদলি করা এবং সবাইকে খেলার কিছুটা সময় দেওয়া। পাঁচ-ছয়জন খেলোয়াড়দের এটা প্রথম ম্যাচ হবে। এখন আমাদের মূল লক্ষ্য ব্যক্তিগত প্রস্তুতি এবং যাদের প্রয়োজন তাদের খেলার সুযোগ দেওয়া এবং সবাইকে বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত করা।’ 

আগামী বুধবার ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পর্তুগাল। গ্রুপপর্বে তাদের বাকি দুই ম্যাচ কলম্বিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত