রাজধানীর চানখারপুলে দুই বাসের চাপায় জয়দেব (৪০) নামে যুবক নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে পথচারী মো. মুছা গাজী জানান, বিকেলে ওই ব্যক্তি ঢাকা মেডিকেলের নতুন ভবন ও চানখারপুলের মাঝামাঝি রাস্তায় নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাসে উঠছিলেন।
এ সময় ঠিকানা পরিবহনের একটি বাস ওভারটেকিং করার সময় ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। বাস দুটি স্থানীয়রাই আটকে রেখেছে।
হাসপাতালে মৃত জয়দেবের সহকর্মী মিজানুর রহমান জানান, জয়দেব ও সে নিজে রয়েল ল্যাবরেটরিজ নামে এক ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করেন। সকাল থেকে তারা শাহবাগ এলাকায় ছিলেন। জয়দেবের বাসা যাত্রাবাড়ী এলাকায়। বিকেলে বাসায় যাওয়ার কথা ছিল তার। তবে, মুঠোফোনে জানতে পারেন, সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জয়দেব। এরপর ঢাকা মেডিকেলে এসে তার মরদেহ দেখতে পান তিনি। জয়দেবের গ্রামের বাড়ি বরিশাল জেলায়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য শাহবাগ থানায় জানানো হয়েছে।
ইরান বেশি সময় নিয়েছে, এখন মূল্য দিতে হবে: ট্রাম্প