ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ

আপডেট : ১০ জুন ২০২৬, ০৭:২১ পিএম

দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে মোহাম্মদ আশরাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। পাশাপাশি ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য, মতামত ও পর্যবেক্ষণ প্রদান করবেন।

বাংলাদেশ ব্যাংক বলেছে, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের এ পদক্ষেপ ব্যাংকটির কার্যক্রমে আস্থা ও শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তনকে কেন্দ্র করে ব্যাংকটির বিভিন্ন শাখায় অস্থিরতা দেখা দেয়। নতুন চেয়ারম্যান নিয়োগের পর অনেক গ্রাহক আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উত্তোলন করেন। এ পরিস্থিতিতে ব্যাংকটির তারল্য, কার্যক্রমের স্বাভাবিকতা এবং আমানতকারীদের স্বার্থ নিয়ে আলোচনা শুরু হয় ব্যাংক খাতে।

এদিকে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীরাও। তাদের মতে, দেশের সবচেয়ে বড় শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের যেকোনো অস্থিরতা পুরো ব্যাংকিং খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগের কথা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত