হাইকোর্টে নারী ও শিশু নির্যাতন মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী প্যানেল 

আপডেট : ১১ জুন ২০২৬, ০৫:৪০ পিএম

পল্লবীতে শিশু রামিসা আক্তারসহ নারী ও শিশু নির্যাতনের মামলা পরিচালনার জন্য হাইকোর্টে রাষ্ট্রপক্ষের একটি আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ আইনজীবী প্যানেল গঠন করা হয়।

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে রাষ্ট্রপক্ষের পাঁচজন আইনজীবী বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে রাষ্ট্রপক্ষে শুনানি করবেন। অপর চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন, অ্যাডভোকেট ওসমান চৌধুরী, অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট এ এম জামিউল হক ফয়সাল, অ্যাডভোকেট হুমায়ুন কবির রিপন। 

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা (ডেথ রেফারেন্স বা মৃত্যুদ- অনুমোদন ও আপিল) শুনতে গত বুধবার সুনির্দিষ্ট বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে এ দ্বৈত বেঞ্চ গঠন করা হয়।

এ সংক্রান্ত সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রবিবার থেকে এই বেঞ্চে অগ্রাধিকার ভিত্তিতে শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদণ্ডাদেশ কনফারমেশনের রেফারেন্স (ডেথ রেফারেন্স) এবং একই রায় (অধস্তন আদালতের রায়) হতে উদ্ভুত সকল ফৌজদারি আপিল ও জেল আপিল এবং উক্ত রায় হতে উদ্ভুত ফৌজদারি বিবিধ ও ফৌজদারি রিভিশন, রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করবেন।    

প্রসঙ্গত, শিশু রামিসাকে ধর্ষণ ও গলা কেটে হত্যা মামলার রায়ে গত রবিবার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডাদেশ দেয় ঢাকার একটি আদালত। ওই দিন রায়ের প্রতিক্রিয়া জানানোর সময় অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল প্রধান বিচারপতির বরাত দিয়ে সাংবাদিকদের জানান, মানুষের যে উদ্বেগ (উচ্চ আদালতে আপিল শুনানিতে বিলম্ব) তা তিনি প্রধান বিচারপতির নজরে এনেছেন এবং প্রধান বিচারপতি এ সংক্রান্ত একটি বিশেষ বেঞ্চ গঠন করবেন বলে জানিয়েছেন। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত