জামালপুরে এসএসসি পরীক্ষার্থী অপহরণ, গ্রেপ্তার ৬

আপডেট : ১১ জুন ২০২৬, ০৮:০৯ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনায় ১০ যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়। 

গত বুধবার (১০ জুন) রাতে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর সুখনগরী বারখাদা গ্রামে এ ঘটনা ঘটে।

অপহৃত শিক্ষার্থীর পরিবার জানায়, উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাটি গয়েসপাড়া গ্রামের নাইম ইসলাম (১৮) দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিশোরী এতে সাড়া না দিয়ে বিষয়টি পরিবারকে জানায়। পরে পরিবারের পক্ষ থেকে নাইমের স্বজনদের বিষয়টি অবহিত করা হলে তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে কিশোরীকে অপহরণের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে নাইমসহ কয়েকজন যুবক ওই কিশোরীর বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যান। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ধাওয়া করে ছয়জনকে আটক করতে সক্ষম হন। তবে নাইমসহ অন্যরা শিক্ষার্থীকে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন— উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর সুখনগরী বারখাদা এলাকার শাহজাহান মুন্সির ছেলে মনিরুল ইসলাম বাবু (২০), হবি মুন্সির ছেলে সবুজ মিয়া (২১), হবি মণ্ডলের ছেলে হোসেন আলী (১৮), জগলুল পাশার ছেলে সাজিবুল হাসান সজিব (২০), জোড়খালী ইউনিয়নের খিলকাটি গয়েসপাড়া এলাকার মহব্বত আলীর ছেলে আনন্দ হাসান (১৮) এবং তাছের মণ্ডলের ছেলে ইউনুস মিয়া (১৮)।

ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের মেয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। অপহরণের পর থেকে তাকে নিয়ে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, এ ঘটনায় অপহৃত কিশোরীর মা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেছেন। তাদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অপহৃত কিশোরীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত