আদ্-দ্বীন হাসপাতালের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখতে চায় কর্তৃপক্ষ

আপডেট : ১১ জুন ২০২৬, ০৯:৪২ পিএম

সম্প্রতি ৬ নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপিল করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করবে। একই সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত রোগীদের স্বার্থ বিবেচনায় হাসপাতালের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও হাসপাতালের সব ধরনের চিকিৎসাসেবা স্বাভাবিকভাবে চালু রয়েছে। বর্তমানে হাসপাতালে ৪১৬ জন রোগী ভর্তি আছেন। এছাড়া ১১ জুন প্রায় এক হাজার রোগীকে বহির্বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, বর্তমানে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ)-তে ৬০ জন, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ২০ জন এবং করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-তে ৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে আজ বৃহস্পতিবার বিকেলে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্‌-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের জবাব সন্তোষজনক না হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

এর আগে বুধবার ছয় শিশুর মৃত্যু নিয়ে আদ্‌-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট নন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতক মারা যায়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত