বিড়াল যেভাবে থামিয়ে দিলো মেট্রোরেলের গতি

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৬:২৩ পিএম

রাজধানীর শাহবাগ স্টেশনের হাই-ভোল্টেজ ট্র্যাকে একটি বিড়াল ঢুকে পড়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল মেট্রোরেল চলাচল। 
   
শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। প্রায় আধাঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় রেল চলাচল।

জানা গেছে, বেলা সাড়ে ১১টার পরপর শাহবাগ স্টেশনের বৈদ্যুতিক লাইনে একটি বিড়াল উঠে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

ডিএমটিসিএল সূত্রে জানা যায়, শাহবাগ স্টেশনের ট্র্যাকে বিড়ালটি প্রবেশ করলে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে উদ্ধারকর্মীরা দ্রুত বিড়ালটিকে ট্র্যাক থেকে সরিয়ে নেন।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা এড়াতে পুরো রুটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় স্টেশন কর্তৃপক্ষ। এসময়  ‘সাময়িক অসুবিধার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে’, বলে ঘোষণা দিতে দেখা যায়  কর্তৃপক্ষকে।

ফলে বিভিন্ন স্টেশনে অফিসগামী যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। অনেকেই টিকিটের অর্থ ফেরত নিয়ে বের হয়ে যান। যদিও এসময় নতুন করে যাত্রীদের ঢুকতেও দেওয়া হয়নি। 

তবে সবচেয়ে বিপাকে পড়েন বগির ভেতরে থাকা যাত্রীরা। বৈদ্যুতিক সংযোগ বন্ধ থাকায় গরমে অস্থির হয়ে পড়েন তারা।

এরপর দুপুর ১২টা ১২ মিনিট থেকে পুনরায় স্বাভাবিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়।

ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৃণাল কান্তি বণিক বলেন, নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সেবা বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দ্রুতই আবার চলাচল শুরু করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত