মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জীবনের ৮০তম বসন্তে পদার্পণ করেছেন। রবিবার (১৪ জুন) মার্কিন এই প্রভাবশালী নেতার জন্মদিন। বিশেষ এই দিনটি উদযাপনে হোয়াইট হাউসের দক্ষিণ লনে তৈরি করা হয়েছে বিশেষ বক্সিং রিং ও গ্যালারি, যেখানে বসে ট্রাম্প নিজেই বক্সিং ম্যাচ উপভোগ করবেন।
১৯৪৬ সালে নিউইয়র্কের কুইন্সে এক ধনী পরিবারে জন্ম নেওয়া ট্রাম্পের শৈশব কেটেছে বেশ চঞ্চলতায়। স্বভাবের আগ্রাসী ভাব দমাতে মাত্র ১৩ বছর বয়সে তাকে মিলিটারি একাডেমিতে পাঠায় পরিবার। পরে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক শেষ করে বাবার আবাসন ব্যবসায় যোগ দেন তিনি। ১৯৭১ সালে পারিবারিক ব্যবসার হাল ধরে এর নাম দেন 'দ্য ট্রাম্প অর্গানাইজেশন'। ম্যানহাটনে বিলাসবহুল ট্রাম্প টাওয়ার নির্মাণসহ হোটেল ও ক্যাসিনো ব্যবসায় ব্যাপক সাফল্য পান তিনি। পাশাপাশি 'দ্য অ্যাপ্রেন্টিস' রিয়েলিটি শো-এর মাধ্যমে বিশ্বজুড়ে তার তুমুল জনপ্রিয়তা তৈরি হয়।
ব্যবসায়িক সাফল্যের পর রাজনীতিতে নামেন ট্রাম্প। ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রথমবারের মতো হোয়াইট হাউসের চাবিকাঠি অর্জন করেন তিনি। এরপর ২০২৪ সালের নির্বাচনে পুনর্নির্বাচিত হয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প।