যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৫:৩০ এএম

যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সোমবার ভোর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন তিনি।

আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হবে বলে জানিয়েছেন শাহবাজ শরিফ।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘোষণার পর চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে চুক্তি এখন সম্পূর্ণ।’

মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘আমি হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছি। একইসাথে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধও অবিলম্বে তুলে নেয়ার নির্দেশ দিচ্ছি।’

ট্রাম্প লিখেছেন, ‘বিশ্বের জাহাজগুলো, তোমাদের ইঞ্জিন চালু কর। তেলের প্রবাহ চলুক।’ অপরদিকে, ইরান বলছে, চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা ৬০ দিন ধরে চলবে।

তাসনিম সংবাদ সংস্থার দেয়া তথ্য অনুযায়ী, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র চুক্তির অধীনে তার প্রতিশ্রুতিগুলো—যার মধ্যে রয়েছে শত্রুতা বন্ধ করা, অবরোধ তুলে নেয়া এবং সম্পদ হস্তান্তর—বাস্তবায়ন করেছে কি না, তা যাচাই করার পর ৬০ দিন ধরে চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা অনুষ্ঠিত হবে।’

গরিবাবাদি বলেন, ‘আনুষ্ঠানিক বৈঠকের জন্য নির্ধারিত দিন শুক্রবার। এদিন আলোচনার ভবিষ্যৎ ব্যবস্থা নির্ধারণ করতে দুই প্রতিনিধিদল বৈঠক করবে।’

তিনি আরও বলেন, 'ইরান সমঝোতা স্মারকের খসড়ায় সমস্ত ‘গুরুত্বপূর্ণ অবস্থান’ অন্তর্ভুক্ত করেছে এবং শুক্রবারের নির্ধারিত আনুষ্ঠানিক বৈঠকের পর এটি প্রকাশ করা হবে।'

তাসনিম সংবাদ সংস্থায় প্রকাশিত এক মন্তব্যে গরিবাবাদী বলেন, ‘এই সমঝোতা স্মারকের অর্থ শত্রুকে বিশ্বাস করা নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর নজর রাখব।’

সূত্র: আল জাজিরা

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত