পটুয়াখালীর বাউফল থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর এমপি শফিকুল ইসলাম মাসুদ আজ (১৫ জুন) সোমবার সংসদে বলেছেন, স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এলাকায় কয়েকটি ইউনিয়ন হয়েছে। একটি ইউনিয়নের নাম তাঁর পরিবার ও বংশের নামে রাখা হয়েছে। তাঁর দুই সন্তান দিগন্ত ও সীমান্তের নামে আরও দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে।
এ নাম করণ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা যদি বর্তমান সময়ের পরিস্থিতি হয়, আমরা দেখেছি প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নামে একটি প্রতিষ্ঠানের নামকরণ করতে চাওয়া হয়েছিল, কিন্তু তিনি তা নাকচ করেছিলেন। আমরা তাকে বাহবা দিয়েছিলাম। আমরা তো মনে করি, প্রধানমন্ত্রী যা চান, সেটাই তো তাঁদের হওয়ার কথা। কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষেত্রে তা হয় না, অথচ তাঁদের ক্ষেত্রে নিজ উদ্যোগে হয়ে যায়। এভাবে প্রভাববলয় তৈরি করা হচ্ছে। আমরা তো এখানে সংসদে অনেক সময় ব্যয় করেছি শুধু নাম পরিবর্তনের আইন পাস করতে করতে। বিগত ফ্যাসিবাদী সময়ে যেগুলো হয়েছিল, আবার কি সেই সংস্কৃতি আমাদের মধ্যে ফিরে আসছে...?”
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ নতুন কতগুলো ইউনিয়ন পরিষদের গেজেট করেছে। সম্প্রতি অনুমোদন হওয়া এসব গেজেটে এক তুঘলকি কান্ড ঘটিয়েছে সংস্থাটি। এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে দিগন্ত ও সীমান্ত। এদের নামে বগুড়ার মোকামতলা উপজেলায় ইউনিয়ন পরিষদের নামকরণ করা হয়েছে। শুধু তাই নয়, প্রতিমন্ত্রীর বংশ 'মীর' নামেও শিবগঞ্জ উপজেলায় একটি ইউনিয়ন পরিষদের অনুমোদন দেওয়া হয়েছে।
বগুড়ার মোকামতলায় নতুন ইউনিয়নের নাম ‘সীমান্ত’ ও 'দিগন্ত' নামকরণ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন নতুন ইউনিয়ন গঠনের গেজেটে বগুড়ার মোকামতলা এলাকায় ‘দিগন্ত', ‘সীমান্ত’ ও 'মীর' নামে তিনটি ইউনিয়ন পরিষদের অনুমোদন দেওয়া হয়েছে। গেজেট প্রকাশের পর এসব নাম নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।
ভিডিও