শিশু রামিসা হত্যা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানির পেপারবুক প্রস্তুত

আপডেট : ১৬ জুন ২০২৬, ১১:২২ এএম

পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির রায় কার্যকর হওয়ার পথে এক ধাপ অগ্রগতি হয়েছে। চাঞ্চল্যকর এই মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য প্রয়োজনীয় পেপারবুক প্রস্তুত করা হয়েছে। এখন হাইকোর্টের বিশেষ বেঞ্চে যেকোনো দিন মামলাটির শুনানি শুরু হবে।

মঙ্গলবার (১৬ জুন) সুপ্রিম কোর্টের প্রশাসন সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিজি প্রেস থেকে পেপারবুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে আসার পর এখন তা যাচাই-বাছাইয়ের কাজ চলছে। মূলত ফৌজদারি মামলায় মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদনের আইনি বাধ্যবাধকতা থাকে, যা ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত। সেই প্রক্রিয়া সম্পন্ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। 

আদালত নির্দেশ দিয়েছেন, এই অর্থ ভিকটিম রামিসার উত্তরাধিকারীরা পাবেন। যদি আসামিরা জরিমানা দিতে ব্যর্থ হন, তবে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে সেই টাকা ভিকটিমের পরিবারকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ ও শরীরে বিভিন্ন স্থানে জখমের ভয়াবহ প্রমাণ পাওয়া গেছে। প্রধান আসামি সোহেল রানা স্বেচ্ছায় অপরাধ স্বীকার করেছেন এবং তার স্ত্রী স্বপ্না আক্তার স্বামীকে পালাতে সহযোগিতা করেছেন। অপরাধ সংঘটনে তাদের ভূমিকা এবং তা প্রতিরোধে কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়টি আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে। 

এর আগে, গত ৯ জুন ট্রাইব্যুনালের বিচারকের স্বাক্ষরের পর মামলার ডেথ রেফারেন্স নথি হাইকোর্টে পৌঁছায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত