পাহাড়ি সড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ইথিওপিয়ায় ঝরল ৩১ প্রাণ

আপডেট : ১৬ জুন ২০২৬, ১২:০৯ পিএম

ইথিওপিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। রাজধানী আদ্দিস আবাবাগামী একটি অতিরিক্ত যাত্রীবোঝাই বাস পাহাড়ি আঁকাবাঁকা সড়ক থেকে খাড়া খাদে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও বহু মানুষ গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

কম্বোলচা টাউন অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, ডেসি এলাকা থেকে রাজধানী আদ্দিস আবাবার উদ্দেশে যাত্রা করা একটি অতিরিক্ত যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাড়া খাদে পড়ে যায়। বাসটি যে সড়ক দিয়ে চলছিল, সেটি বিপজ্জনক ও আঁকাবাঁকা পথ হিসেবে পরিচিত।

সংঘাতকবলিত ওই অঞ্চলে আগে থেকেই অবকাঠামোগত নানা সীমাবদ্ধতা রয়েছে। দুর্ঘটনার পর জরুরি সেবা ও অ্যাম্বুলেন্সের তীব্র সংকটের কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও কোনো সরকারি উদ্ধারকারী দল বা চিকিৎসা সহায়তা না পৌঁছানোয় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় সাধারণ যাত্রীবাহী যানবাহনে করে আহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। কর্মকর্তারা স্বীকার করেছেন, সময়মতো চিকিৎসা সহায়তা না পেয়ে এবং অপেক্ষারত অবস্থায় অনেকের মৃত্যু হয়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে

এদিকে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও তদন্তাধীন। তবে যে পাহাড়ি মহাসড়কে বাসটি খাদে পড়ে যায়, সেটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত।

এর আগেও ২০২৪ সালের ডিসেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় সিদামা অঞ্চলে একটি বাস নদীতে পড়ে গেলে ৬৬ জন নিহত হয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত