যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সত্ত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

আপডেট : ১৬ জুন ২০২৬, ১২:৪৫ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক বাস্তবায়নের প্রক্রিয়া চলমান থাকলেও ইরান নিজেদের সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা প্রস্তুতি আরও জোরদার করছে। আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া শুরু হলেও তেহরান একে চূড়ান্ত সমাধান হিসেবে দেখছে না। তারা এটিকে একটি পরীক্ষামূলক ও শর্তসাপেক্ষ প্রক্রিয়া হিসেবে বিবেচনা করছে।

ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র মঙ্গলবার (১৬ জুন) দেওয়া এক বিবৃতিতে বলেন, চলমান দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক কার্যকর হওয়ার সময়েও দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত রাখা হবে।

তেহরানের এই অবস্থানকে বিশ্লেষকরা ‘কূটনীতি ও প্রতিরক্ষা- দুই পথেই অগ্রসর হওয়ার কৌশল’ হিসেবে দেখছেন। তাদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা প্রশমনের বার্তা দিলেও ইরান নিরাপত্তা ঝুঁকির সম্ভাবনা উড়িয়ে দিতে চাইছে না।

বিবৃতিতে সামরিক মুখপাত্র সতর্ক করে বলেন, চুক্তির কোনো পক্ষ যদি সমঝোতার শর্ত লঙ্ঘন করে, তাহলে ইরান কঠোর প্রতিক্রিয়া জানাবে। তার ভাষায়, প্রয়োজন হলে আঞ্চলিক সামরিক পরিস্থিতিকে দ্রুত পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার সক্ষমতা তাদের রয়েছে।

তিনি আরও বলেন, সমঝোতা বাস্তবায়নের পুরো সময়জুড়ে ইরান পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখবে এবং জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপস করবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত