চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চিংহাই প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা ৬ মিনিটে ছিংহাইয়ের হাইসি প্রিফেকচারের একটি উচ্চভূমি এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর উপকেন্দ্রের আশপাশের কয়লাখনিগুলো থেকে সব শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে হতাহত ও সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সম্ভাব্য আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। পাশাপাশি ভূমিধস বা অন্যান্য গৌণ দুর্যোগের ঝুঁকিও মূল্যায়ন করা হচ্ছে।
ভূমিকম্পের পর একাধিক আফটারশক বা পরাঘাত অনুভূত হয়েছে, যার মধ্যে একটি ছিল ৪ দশমিক ৯ মাত্রার। পরিস্থিতি মোকাবিলায় চীনের ভূমিকম্প প্রশাসন জরুরি প্রতিক্রিয়া কার্যক্রম চালু করেছে।