কৃষিজমি ও সড়ক ক্ষতিগ্রস্ত করায় ইউপি সদস্যকে জরিমানা

আপডেট : ১৭ জুন ২০২৬, ০১:৩৫ পিএম

শরীয়তপুরের ডামুড্যায় এস্কেভেটর দিয়ে উর্বর কৃষিজমি বিনষ্ট এবং এলজিইডির গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে এক ইউপি সদস্যকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া আরেকজনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে উপজেলার কনেশ্বর ইউনিয়নের উত্তর সৈয়দবস্তা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

দন্ডপ্রাপ্তরা হলেন, কনেশ্বর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইব্রাহিম। তার সহযোগী উত্তর সৈয়দবস্তা এলাকার বাসিন্দা শফিক মাদবর। 

ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাতে ডামুড্যার উত্তর সৈয়দবস্তা এলাকায় এস্কেভেটর দিয়ে উর্বর কৃষিজমি বিনষ্টকরণ এবং এলজিইডির গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় স্থানীয় শফিক মাদবরের বিরুদ্ধে উর্বর কৃষিজমি বিনষ্টকরণ এবং ইউপি সদস্য ইব্রাহিম মেম্বারের বিরুদ্ধে এস্কেভেটর সরবরাহের অভিযোগের সত্যতা পাওয়া যায়।

তারা সত্যতা স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় শফিক মাদবরকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আর ইউপি সদস্য ইব্রাহিম মেম্বারকে দুই লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া  হয়। অপরদিকে আরেক অভিযুক্ত সোহেল বেপারীকে ঘটনাস্থলে না পাওয়া যাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে নির্দেশ প্রদান করা হয়। 

তিনি বলেন,  উর্বর কৃষিজমি বিনষ্ট করা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুসারে দণ্ডনীয় অপরাধ।

এসময় ডামুড্যা থানা পুলিশের একটি দল ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত