মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঘরে ঢুকে সোহেল মুন্সী নামে এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটিতেও আগুন ধরিয়ে দেয় ঘাতকরা।
বুধবার (১৭ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার কালুরগাঁও গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত সোহেল মুন্সী (৩৯) কালুরগাঁও গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে। সোহেল সিডার চর এলাকা থেকে ভাঙারি মালামাল এনে বিক্রি করতেন। এর আগে ২০২২ সালে বিদেশি মদসহ সোহেল র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
পরিবার ও স্থানীয়রা জানায়, রাতে খাবার শেষে সোহেল তার বসতবাড়ির পূর্ব পাশের ঘরে একাই ঘুমাতে যান। তার স্ত্রী নুপুর বেগম কিছুদিন আগে সন্তান প্রসব করায় তিনি শ্বাশুড়ি সেফালি বেগমের সঙ্গে পাশের অন্য একটি ঘরে ঘুমাচ্ছিলেন। গভীর রাত সময় বাড়ির উঠানে হঠাৎ শব্দ শুনতে পেয়ে সোহেলের মা ও স্ত্রী ঘুম থেকে জেগে ওঠেন। তারা ঘর থেকে বের হয়ে দেখতে পান, উঠানে সোহেলের ব্যবহৃত মোটরসাইকেলটি জ্বলছে। একই সময়ে উঠানের মাটিতে সোহেল মুন্সীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।
ধারণা করা হচ্ছে, গভীর রাতে দুষ্কৃতিকারীরা সোহেলকে ঘুম থেকে ডেকে ঘরের বাহির এনে এরপর বাড়ির উঠানেই ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করার পর দুর্বৃত্তরা নিহতের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম বলেন, খবর পেয়েই আমরা দ্রুত ফোর্স পাঠিয়েছি। সুরতহালের প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন বলেন, অপরাধীদের চিহ্নিত করতে এবং এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।